স্কুলছাত্র ও ব্যবসায়ীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বগুড়ার কাহালু ও শাজাহানপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুজন নিহত হন।

নিহত চারজন হলো উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জিল্লুর রহমানের ছেলে মারুফ হাসান (৯), মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে নাঈম হোসেন (১২), দুপচাঁচিয়া উপজেলা সদরের লক্ষ্মীতলা এলাকার সুদেব চন্দ্র দত্ত (৪৩) ও শেরপুর উপজেলার গোপালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে রঞ্জু মিয়া (৩০)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিবাহী একটি ট্রাক রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র  মারুফ হাসানকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া): মহাদেবপুর উপজেলার বচনা সেতুর মোড়ে গত রোববার রাত আটটার দিকে ট্রাকচাপায় নাঈম হোসেন নিহত হয়েছে। সে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ওই সময় সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পুলিশ ট্রাকচালক ইউসুফ আলীকে (৩৮) ট্রাকসহ আটক করেছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। 

দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর কাজিপাড়া বউ বাজার মোড়ে গতকাল বেলা দেড়টার দিকে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক স্বর্ণ ব্যবসায়ী সুদেব চন্দ্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুদেব দত্ত মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। কাজিপাড়া বউ বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। তিনি দুপচাঁচিয়া পুরোনো বাজার স্বর্ণপট্টির প্রীতি জুয়েলার্সের মালিক ও দুপচাঁচিয়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, দুর্ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছেন।

বগুড়া: রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বারনিঘাটা এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় রঞ্জু মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাইম ইসলাম (২৫)। গতকাল সোমবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান বলেন, বগুড়া থেকে মহাসড়ক ধরে মোটরসাইকেলে শেরপুর উপজেলায় যাচ্ছিলেন নাইন ইসলাম ও রঞ্জু। বারনিঘাটা এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই রঞ্জু নিহত হন।