স্কুলছাত্র খালাস ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড পাওয়া টাঙ্গাইলের সখীপুরের সেই স্কুলছাত্রকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ওই সাজা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন।

আদেশে আদালত বলেন, বাবার মাধ্যমে উচ্চ আদালতে দাখিল করা ওই শিক্ষার্থীর জবানিতে আসা বক্তব্যের (শারীরিক নির্যাতন) ভিত্তিতে আইন অনুসারে বিচারিক তদন্ত করতে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া যাচ্ছে। একই সঙ্গে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সখীপুরের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলমকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের ঢাকা বিভাগের বাইরে অন্যত্র যুক্ত করতে জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়।

‘বয় জেইলড ফর এফবি কমেন্ট অ্যাবাউট এমপি’ শিরোনামে দ্য ডেইলি স্টার-এ গত ২০ সেপ্টেম্বর প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহানকে ‘হুমকি’ দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে প্রতীমা বঙ্কি পাবলিক হাইস্কুলের এক ছাত্রকে দুই বছরের কারাদণ্ড দেন। ফেসবুকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর আগে সাংসদের পক্ষে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

প্রতিবেদনটি নজরে এলে ২০ সেপ্টেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন, ব্যাখ্যা জানাতে সখীপুরের ইউএনও এবং ওসিকে ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। সেই সঙ্গে শিক্ষার্থীকে জামিন দিয়ে তাকেও ২৭ সেপ্টেম্বর হাজির হতে বলেন। ওই দিন দুই কর্মকর্তা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য হলফনামা আকারে দাখিল করেন। তাঁদের বক্তব্য অনুসারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়।

২৭ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী আদালতে বলেন, ১৬ সেপ্টেম্বর রাতে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নির্যাতনের পাশাপাশি ক্রসফায়ারের ভয় দেখানো হয়। স্থানীয় সাংসদ, ইউএনও এবং ওসি তাকে মারধর করেন। হাইকোর্টে শিক্ষার্থী বলে, ‘মারধরের চোটে ও ভয়ে স্বীকার করি, লিখেছি (ফেসবুকে)।’

শুনানি নিয়ে ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট ইউএনও এবং ওসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীর বক্তব্য লিখিতভাবে হলফনামা আকারে জমা দিতে এবং প্রতিবেদনের সত্যতা বিষয়ে ডেইলি স্টারকে হলাফনামা দাখিল করতে বলে ১৮ অক্টোবর পরবর্তী দিন রাখেন। গতকাল এসব হলফনামা আকারে আদালতে দেওয়া হয়। শুনানি নিয়ে আদালত রুল চূড়ান্ত করে (অ্যাবসলিউট) রায় দেন।

আদালতে ডেইলি স্টার-এর পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব উল আলম। ইউএনওর পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম, ওসির পক্ষে আইনজীবী নুরুল ইসলাম সুজন ও পত্রিকার খবর আদালতের নজরে আনা আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা শুনানিকালে আদালতকক্ষে বাবার সঙ্গে বসে ছিল ওই স্কুলছাত্র।

শুনানি: শুনানিতে তানজিব উল আলম বলেন, আইসিটি আইনে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থীকে দুই বছর সাজা দিয়েছেন বলে আগে স্থানীয় সংবাদপত্রে খবর ছাপা হয়। এ বিষয়ে প্রথম দফায় ইউএনও এবং ওসির সঙ্গে যোগাযোগ করা হলে আইসিটি আইনে সাজা দেওয়ার কথা জানান। তথ্য নিরীক্ষায় দ্বিতীয় দফায় তাঁদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও একই কথা জানান। তাঁদের সঙ্গে কথোপকথনের নম্বর ও সময়কাল-সংক্রান্ত তথ্যাদি আদালতে দাখিল করে তিনি বলেন, ডেইলি স্টার ছাড়াও বেশ কয়েকটি জাতীয় দৈনিক এই বিষয়ে খবর ছেপেছে।

আদালত বলেন, জিডি কবে হয়েছে? তানজিব উল আলম বলেন, দেখা যাচ্ছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর)। আদালত বলেন, ওই শিক্ষার্থী বলেছে ১৬ তারিখে তাকে বাড়ি থেকে ধরা হয়েছে। সংবাদে দেখা যায় ১৭ সেপ্টেম্বর আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমের বক্তব্য ১৮ সেপ্টেম্বর সাজা দিয়েছেন।

তানজিব উল আলম বলেন, ১৮ সেপ্টেম্বর প্রকাশিত খবরে এসেছে সাংসদের জিডির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এদিনের সংবাদে সাজা দেওয়ার বিষয়টি আসেনি। বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর বিকেলে সাজা দেওয়া হয়।

আদালত বলেন, ১৮ সেপ্টেম্বর প্রকাশিত গ্রেপ্তারের খবর তো অস্বীকার করা হয়নি। তাহলে হেফাজতে থাকা অবস্থায় ১০০ গ্রাম গাঁজা কোথা থেকে এল?

ইউএনওর আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, ইভ টিজিংয়ের কারণে গত এক বছরে ৯০টি মেয়ে মারা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে এটি এখন হচ্ছে না। আইন অনুসারে সাজা দেওয়া হয়েছে। এতে সংক্ষুব্দ পক্ষ চাইলে আপিল ফোরামে যেতে পারে।

ওসির আইনজীবী নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থী বলেনি তার বয়স ১৫ বছর। পাসপোর্টে জন্মতারিখ ১৯৯৫ সালের ১০ মে উল্লেখ রয়েছে। পত্রিকার খবরে এসেছে আইসিটি আইনে সাজা দেওয়া হয়, অথচ তাকে গাঁজা পাওয়ায় সাজা দেওয়া হয়।

আদালত বলেন, ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে তাকে (শিক্ষার্থী) টাঙ্গাইলের কারাগারে পাঠাতে নির্দেশ দেন। এরপর তাকে কীভাবে থানায় নেওয়া হলো? ঘটনাস্থল প্রতিমা বঙ্কী এলাকা। এখানে একজন সাক্ষীর ঠিকানার স্থলে অন্য একটি জায়গার নাম দেখা যাচ্ছে।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন অনুসারে পরিচালিত হচ্ছে কি না, এটিই দেখার বিষয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রয়োজন।