স্কুলছাত্র খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
কুষ্টিয়ায় স্কুলছাত্র খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো আশরাফুল ইসলাম (১৬) ও প্রিন্স (১৬)। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মীর মশাররফ হোসেন সেতুর ওপর থেকে আশরাফুলকে ও শনিবার ভোরে সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় প্রিন্সকে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল এখন কুষ্টিয়া জেলা পুলিশের হেফাজতে আছে। প্রিন্সকে বিয়ানীবাজার থেকে কুষ্টিয়ার পুলিশ আনতে গেছে।উপপরিদর্শক আজিজুল হক আরও বলেন, প্রাথমিকভাবে আশরাফুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। খুনের পরপরই প্রিন্স কুষ্টিয়া থেকে সিলেটে তার বোনের বাসায় পালিয়ে যায়। এ সময় আশরাফুলও জেলার বাইরে চলে যায়। নিহত ইরফানের মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় উপেন্দ্রনাথ চক্রবর্তী লেনে নিজ ঘরে ইরফান আহমেদ (১৫) খুন হয়।