স্কুলছাত্র টিপু হত্যার অভিযোগ ডিবিকে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধিরগঞ্জের আজিবপুরের কাজীবাড়ী এলাকার স্কুলছাত্র কাজী মো. টিপু সুলতানকে হত্যার অভিযোগ তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর পাঁচ ​সহযোগী টিপু সুলতানকে পরিকল্পিতভাবে আম্বর পেপার মিলের খেলার মাঠে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।

নিহত টিপু সুলতানের বাবা কাজী আক্তার হোসেনের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত আজ বুধবার দুপুরে এই আদেশ দেন।

বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পর বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে নূর হোসেনের প্রভাবের কারণ পুলিশ অভিযোগ নেয়নি। সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে বাদী ২০১৪ সালের ২০ মে বিচারিক হাকিম আদালতে নূর হোসেন ও তাঁর পাঁচ সহযোগীকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে সিআর মোকদ্দমা (নং-৩৯ / ২০১৪) দায়ের করেন। আদালত অভিযোগ তদন্তে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ বাদীর সঙ্গে কোনো যোগাযোগ না করেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদী আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। আজ ছিল মামলার নিয়মিত শুনানির দিন। আদালত বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

টিপু সুলতানের বাবা কাজী আক্তার হোসেন বলেন, তাঁর ছেলেকে যখন নূর হোসেন খুন করে তখন ছেলের বয়স ছিল ১২ বছর ৩ মাস। টিপু সুলতান তখন স্থানীয় মহিউদ্দিন আদর্শ কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে নূর হোসেন, রফিকুল ইসলাম রতন, আমিনুল, রুস্তম আলী, জাকির ও সুন্দর আলী জামান পূর্ব শত্রুতার জের ধরে টিপু সুলতানকে পরিকল্পিতভাবে আম্বর পেপার মিলের খেলার মাঠে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।