স্কুলছাত্র তৌকির হত্যায় ৫ জনের যাবজ্জীবন
হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তৌকির হত্যা মামলার রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন আজ বুধবার এ রায় দেন।
আদালত ও মামলার রায় সূত্রে জানা গেছে, কায়েছ আহমেদ তৌকিরকে ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে একদল দুর্বৃত্ত। তাদের মধ্যে নিহত তৌকিরের সহপাঠীও ছিল কয়েকজন। এ ঘটনায় নিহত তৌকির বাবা আবদুল বারিক বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে আসামি করা হয় ১২ জনকে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে নয়জন আদালত থেকে জামিনে ছিলেন। তিনজন ছিলেন ঘটনার পর থেকেই পলাতক।
আজ বুধবার দুপুরে দেওয়া রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি (১৮), নাতিরাবাদ আবাসিক এলাকার নানু মিয়ার ছেলে রনি (১৯), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম (১৮) ও একই এলাকার আবদুল গফুরের ছেলে নিয়াজ (১৫) এবং নাতিরাবাদ আবাসিক এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া (২০)। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
হবিগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালেহ উদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন। রায় দেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত তুর্কি, রনি ও সাদ্দাম পলাতক এবং নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিলেন।