স্কুলছাত্র নিখোঁজ, পরিবার শঙ্কায়

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ওয়ালিদউর রহমান ওয়ালিদ (১৩) সান্তাহার শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওয়ালিদ সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা কাজী শফিকুর রহমানের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকাল নয়টায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয় ওয়ালিদ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ওই দিন রাতেই ওয়ালিদের চাচা মাহাবুবুর রহমান আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে নিখোঁজ ছাত্র ওয়ালিদের সন্ধান চেয়ে সান্তাহার পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে। কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারেনি। দুই দিন ধরে ওয়ালিদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের মধ্যে আতঙ্ক আর শঙ্কা ছড়িয়ে পড়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ওয়ালিদের সন্ধান পেতে পুলিশ সক্রিয় রয়েছে।