
কিশোরগঞ্জে স্কুলছাত্র প্রদীপ্ত দত্তের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার কিশোরগঞ্জ শহরের কালীবাড়ীর সামনে কিশোরগঞ্জবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকালে আয়োজিত ওই সমাবেশে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রভাষক মশিউর রহমান, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মাহফুজা আরা, প্রদীপ্তর বাবা শ্যামল দত্ত, চাচা বিকাশ সরকার বক্তৃতা করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রদীপ্তর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, এর আগেও এ ঘটনাস্থলের পাশে ওই রেললাইনে কাটা অবস্থায় আরও দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিবার পরিকল্পিতভাবে হত্যার দাবি জানিয়ে মামলা করলেও আজও সঠিক বিচার পাওয়া যায়নি। আগের হত্যাকাণ্ডগুলোর বিচার হলে আজ প্রদীপ্তর এ মর্মান্তিক মৃত্যু না-ও হতে পারত।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গত শনিবার বিকেলে শহরের আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন পরম চত্বরে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চও এক প্রতিবাদ সভা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেললাইনে শহরের চরশোলাকিয়া কানিকাটা রেলক্রসিং-সংলগ্ন এলাকা থেকে প্রদীপ্ত দত্তের (১৩) লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জিআরপি পুলিশ। সে শহরের খড়মপট্টি এলাকার ব্যবসায়ী শ্যামল দত্তের ছেলে এবং শহরের মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, এ ব্যাপারে প্রদীপ্তের বাবা শ্যামল দত্ত গত শনিবার বিকেলে একটি হত্যা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।