স্কুলছাত্র ফয়সাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফয়সাল মিয়া (১৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে স্থানীয়রা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে রোববার তাঁরা আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সড়ক থেকে নাজিরুল ইসলাম কলেজিয়েট বিদ্যালয় সড়ক পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও পৌর শহরের বেগম রহিমা উচ্চবালিকা বিদ্যালয়, হাফেজ আ. রাজ্জাক পাইলট মডেল উচ্চবিদ্যালয়, রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ ও নাজিরুল ইসলাম কলেজিয়েট বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফয়সাল খুন হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি, বরং মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তাঁরা বলেন, এ মামলায় পুলিশের ভূমিকা রহস্যজনক। তাই ফয়সাল হত্যার সুষ্ঠু বিচার নিয়ে তাঁরা সন্দিহান। মানববন্ধনে অন্যদের মধ্যে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রধান মশিউর রহমান, রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস ও পৌর কাউন্সিলর মাসুদ মিয়া বক্তব্য দেন। গত ২৪ জুন বিকেলে ফয়সালকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরদিন ফয়সাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।