স্কুলছাত্র বাপ্পীর হত্যাকারীদের বিচারের দাবিতে শিবপুরে মানববন্ধন
নরসিংদীর শিবপুরে স্কুলছাত্র বাপ্পী ভূঁইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে শিবপুর বাসস্ট্যান্ড ও কলেজগেট বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়।
বাপ্পী ভূঁইয়া (৮) উপজেলার গীর্জাপাড়া এলাকার পত্রিকার হকার কাউসার ভূঁইয়ার ছেলে ও পূবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ৩০ আগস্ট সন্ধ্যায় বাপ্পী নিখোঁজ হয়। পরে ১ সেপ্টেম্বর সকালে গীর্জাপাড়া এলাকার একটি পুকুর থেকে বাপ্পীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গীর্জাপাড়া এলাকার ফেরদৌসী বেগম ও তাঁর মা সাফিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
বাপ্পী হত্যার বিচারের দাবিতে শিবপুর উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, শিবপুর নিউ মডেল স্কুল, পূবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতা ও মানবাধিকার সংস্থার কর্মকর্তা, নিহত বাপ্পীর মা-বাবাসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিবপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, নরসিংদী জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জাকারিয়া, শিবপুর উপজেলা সংবাদপত্র এজেন্ট বাতেন মৃধা, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান, বর্তমান ছাত্রলীগের আহ্বায়ক মো. মোশারফ হোসেন ভূঁইয়া, শিবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মৃধা প্রমুখ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গ্রেপ্তার ফেরদৌসী ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বাপ্পীর লাশ যে বস্তায় ভরা হয়েছিল, বস্তায় যে ইট বাঁধা ছিল, ওই রকম বস্তা ও ইট ফেরদৌসীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফেরদৌসীর স্বামী মানিক খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।