স্কুলছাত্র মাশুক হত্যাকাণ্ড: এক কিশোরের জবানবন্দি
বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের একটি সূত্র ওই জবানবন্দির বরাত দিয়ে জানায়, বাসা থেকে মাশুককে ডেকে নিয়ে কফির সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ানো হয়। এরপর লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় মাশুকের পরিবারের পক্ষ থেকে আসামি গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে মামলার এজাহারে নাম থাকা ওই কিশোরকে শাজাহানপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে হাজির হয়ে সে জবানবন্দি দেয়।
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে গত শনিবার সন্ধ্যায় শহরের মাটিডালি এলাকার বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর মাশুকের বাবা ইমদাদুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। এতে মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভাপতি মাহবুব হামিদ এবং তাঁর ছোট ভাই শহরের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়াসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে মনোমালিন্য এবং শত্রুতা থেকেই মাহবুব হামিদ এবং মেজবাহুল হামিদ পূর্বপরিকল্পিতভাবে মাশুক ফেরদৌসকে হত্যা করেছেন।
বগুড়া সদর থানার পুলিশের ভাষ্য, মাশুককে বাসা থেকে এই কিশোর ডেকে নিয়ে গিয়েছিল। হত্যাকাণ্ডের পর আত্মগোপন করতে সে সেখানে হোটেল বয়ের কাজ নিয়েছিল।
আদালতের বরাত দিয়ে পুলিশের সূত্রটি জানায়, মাশুক ও ওই কিশোর দুজন আলাদা স্কুলে পড়লেও দুজনই পরিচিত ছিল। নানা বিষয় নিয়ে অনেক আগে থেকেই তাদের বিরোধ ছিল। কয়েক দিন আগে মাশুক তাকে মারধরও করে। এ কারণে মাশুককে শায়েস্তা করার পরিকল্পনা করে সে। এরপর সে শনিবার মাশুককে বাসা থেকে ডেকে নিয়ে আসে। এরপর খাতির জমিয়ে দীর্ঘক্ষণ গল্পগুজব করে। একপর্যায়ে কফির সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেয়। কফি খাওয়ার পর মাশুক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে লাঠি দিয়ে পিটিয়ে সে মাশুককে হত্যা করে।
মাশুকের বাবা ইমদাদুল হক এই স্বীকারোক্তিকে ‘গাঁজাখুরি গল্প’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করার ষড়যন্ত্র এটি। তিনি দাবি করেন, এই কিশোরের একার পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। এমনকি তার সঙ্গে মাশুকের কোনো বিরোধও ছিল না।