স্কুলছাত্র মিরাজ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ মিয়াকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের সেলিম প্রধান, হাশেম ব্যাপারী, আলী আশ্বাদ, মনোয়ারা বেগম, মতিন মিয়া ও নান্নু। তাঁদের মধ্যে আলী আশ্বাদ ছাড়া অন্যরা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেলে মিরাজ ও তার বাবা তাদের জমিতে কাজ করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা মিরাজকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় পরদিন ভোরে সে মারা যায়।

এ ঘটনায় মিরাজের বাবা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সাইদুল ইসলাম বাবু।