স্কুলছাত্র রাজু হত্যায় তিন যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে রাজু শেখ (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যার দায়ে ওই স্কুলছাত্রের খেলার সঙ্গী তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক মো. জাকারিয়া হোসেন দুপুরে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন বাগেরহাট শহরের সরুই কলেজ রোড সড়কের সিদ্দিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯), শহরের নাগেরবাজার এলাকার রহমানীয়া স্কুল সড়কের রিপন চৌধুরীর ছেলে শামীম চৌধুরী (২৯) ও শহরের খারদ্বার এলাকার মুঞ্জাহের শেখের ছেলে জামাল শেখ (৩০)। রায় ঘোষণার সময় সুমন ও রিপন আদালতে উপস্থিত ছিলেন। জামাল মামলার শুনানি চলাকালে জামিন পেয়ে আত্মগোপনে আছেন।
নিহত রাজু শেখ বাগেরহাট শহরের হরিণখানা এলাকার জামাল উদ্দিন শেখের ছেলে। সে স্থানীয় বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আদালত সূত্র ও মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০৫ সালের ২৯ জুন বিকেলে রাজু আসামিদের সঙ্গে একটি স্কুলমাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে আসামিদের সঙ্গে তার বিবাদ হয়। বাড়ি ফেরার পথে আসামিরা তাকে হরিণখানা এলাকায় ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। সন্ধ্যায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাজুকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা রাজুকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই রাজুর বাবা সাতজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা পরিচালনায় আসামিপক্ষে ছিলেন আইনজীবী শিবনাথ বালা ও রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি কাজী মনোয়ার হোসেন।