স্কুলছাত্র রায়হান হত্যায় জড়িতদের শাস্তির দাবি
কুড়িগ্রামে স্কুলছাত্র সাদ মো. রায়হান হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে। এ ছাড়া তারা চার দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।
গতকাল সকালে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা কুড়িগ্রাম কলেজ মোড়ে সমবেত হয়। পরে শহরের শহীদ মিনার গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসেন শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় হূদয়, কামরুল, স্বাধীন, রাকিব, রেজওয়ান খান, রাব্বি, হিমা, রাইসা, মীম, কাব্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তৃতা করে। এরপর শিক্ষার্থীদের পক্ষে একটি প্রতিনিধিদল চার দফা দাবিতে জেলা প্রশাসক এ বি এম আজাদ ও পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডের কাছে সঞ্চারকলিপি পেশ করে। তাদের দাবিগুলো হচ্ছে রায়হান হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, কুড়িগ্রামকে অপহরণকারী চক্রমুক্ত ও সব শিশুকে নিরাপদ চলাফেরার পরিবেশ নিশ্চিত করা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি কুড়িগ্রাম শহরের হাসপাতালপাড়ার মোটরসাইকেল ব্যবসায়ী এরশাদুল হকের বড় ছেলে ও কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রায়হানকে (১৩) অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হানদের বাসার ভাড়াটে নজরুলের স্ত্রী ঝর্ণা ও ছেলে সাগরকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার ধরলাচর থেকে রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই এরশাদুল সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মিয়া জানান, পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।