স্কুলছাত্র সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন কাল
সিলেটে পুলিশের এক সদস্যের যোগসাজশে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণের পর হত্যা করার ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশীদ এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক বলেন, আদালত এই মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গত ১১ মার্চ নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার তিন দিন পর ১৪ মার্চ নগরের ঝরনারপাড় এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্স আতাউর রহমান ওরফে গেদাকে আটক করে পুলিশ। এরপর সাঈদের বাবা মতিন মিয়ার করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলার পলাতক আসামি মাসুম ১০ নভেম্বর আত্মসমর্পণ করার পর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।