স্কুলছাত্র সাদমান হত্যার রহস্য উদ্ঘাটিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে স্কুলছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। গ্রেপ্তার নাফিজ হাসান ওরফে নাহিদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যার পর সে ও তার বড় ভাই নাজমুল হাসান লাশ গুমের চেষ্টা চালিয়েছে।
পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীবের আদালতে গত মঙ্গলবার নাফিজ হাসানের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এ তথ্য পাওয়া গেছে।
পিরোজপুর সদর থানার উপপরিদশক (এসআই) মনিরুজ্জামান জানান, সাদমান সাকিব হত্যার ঘটনায় নাফিজ হাসান, নাজমুল হাসান ও শাহারিয়ার সাব্বির নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আবেদন করলে আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে নাফিজ হাসান মঙ্গলবার আদলতে জবানবন্দি দেন। নাজমুল হাসান এখন রিমান্ডে আছেন। বয়স কম হওয়ায় আদালতের নির্দেশে শাহারিয়ার সাব্বিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ চলছে।
নাফিজ হাসান জবানবন্দিতে জানায়, ক্রিকেট খেলতে না যাওয়ায় ২৯ আগস্ট বেলা ১১টার দিকে সাদমান সাকিব তাকে তার মা তুলে গালি দেয়। এ কারণে রাগের বসে সে সাদমান সাকিবের বাঁ গালে ঘুষি মেরেছে। এতে পড়ে গিয়ে সে মারা যায়। অবস্থা বেগতিক দেখে ওই দিন রাতে চারটি ইট বেঁধে লাশ সিআই পাড়া রায়ের পুকুরে ফেলে দেওয়া হয়। ৩০ আগস্ট সাদমান সাকিবের মুঠোফোনটিও ওই পুকুরে ফেলে দেওয়া হয়।
পিরোজপুর শহরের রায় পুকুর থেকে পুলিশ ১ সেপ্টেম্বর সকালে সাদমান সাকিবের লাশ উদ্ধার করে। পরদিন থানায় মামলা করা হয়। সাকিব পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের আদর্শপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে ছিল।