স্কুলছাত্র সাব্বির হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের স্কুলছাত্র সাব্বির (১১) হত্যার ঘটনায় তার বাবা গতকাল সোমবার সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
তবে সাব্বিরের বাবা ও পুলিশের ধারণা, বন্ধুদের সঙ্গে খেলার সময় জুতা শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে সাব্বিরকে হত্যা করা হয়েছে।
এদিকে সাব্বির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সাব্বিরের বাবা মোবারক আলী সাংবাদিকদের জানান, ৮ মার্চ সন্ধ্যায় শহরের গোপচর এলাকার বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে মেলা দেখতে যায় গোপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাব্বির। সেখানে খেলার সময় বন্ধুরা সাব্বিরের জুতা নদীতে ফেলে দেয়। এ নিয়ে তাদের ঝগড়া হলে তিনি (মোবারক) ধমক দিলে বন্ধুরা দৌড়ে চলে যায়। এর পর থেকে সাব্বির নিখোঁজ থাকে। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার রাতে শহরের গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
মোবারক বলেন, তাঁর ধারণা, ঝগড়ার জের ধরে বন্ধুরাই হয়তো সাব্বিরকে হত্যা করেছে।
সাব্বির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, জুতা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়ার জের ধরেই সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।