স্কুলছাত্র সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলছাত্র আরাফাত রহমান ওরফে সিয়াম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। প্রেসক্লাবের সামনে ‘গুম-হত্যা রুখে দাঁড়াও’—এ স্লোগান নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল দুপুরে আয়োজিত এ মানববন্ধনে সিয়ামের মা সখিনা বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার সিয়ামের হত্যার বিচার চাই। সিয়ামের খুনি ফারুক মণ্ডল ও তাঁর ছেলে মেহেদী মণ্ডলকে ফাঁসিতে ঝোলানো হোক।’

সিয়াম মাসদাইর এলাকার মোস্তফা মাতবরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। গত বছরের ২৪ নভেম্বর মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোস্তফা বেপারী মামলা করেন।