স্কুলছাত্র সিয়াম হত্যায় ৩ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় আলোচিত স্কুলছাত্র আরাফাত হোসেন সিয়াম হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেহেদি মণ্ডল (১৯), ভাড়াটে খুনি আসলাম (৪৫) ও আবদুল হালিম (৩৪)। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন ফারুক মণ্ডল, তাঁর স্ত্রী মেরিনা মণ্ডল ও চাচাতো ভাই বিপ্লব।
লাশ গুমের দায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে আরও সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আসলাম জামিনের পর থেকে পলাতক আছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ওয়াজেদ আলী খোকন, বাদীপক্ষে ছিলেন খোকন সাহা ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. সুলতানুজ্জামান।
তবে এই রায়ে ন্যায়বিচার পাননি বলে জানিয়েছেন নিহত সিয়ামের পরিবারের স্বজনেরা। সিয়ামের মা সখিনা বেগম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ে আমরা সুষ্ঠু বিচার পাইনি। খুনিদের ফাঁসি চাই। প্রত্যেক আসামির ফাঁসি হলে আমি ন্যায়বিচার পেতাম।’
মামলার বাদী ও সিয়ামের বাবা মোস্তফা মাতবর অভিযোগ করে বলেন, ‘যেভাবে আদালতে সাক্ষ্য হয়েছে, সেভাবে প্রত্যেক আসামির ফাঁসি হওয়ার কথা। কিন্তু আদালত যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, ২০১৩ সালের ২২ নভেম্বর সন্ধ্যায় নগরীর মাসদাইর এলাকায় কবুতর বেচাকেনাকে কেন্দ্র করে আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সিয়ামকে আসামিরা পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর খালাসপ্রাপ্ত ফারুক মণ্ডল ও মেরিনা মণ্ডলের সহযোগিতায় আসামিরা মুন্সিগঞ্জের শান্তিনগর কবরস্থানের পাশে এলাকায় নিয়ে লাশ ফেলে দেয়। সেখান থেকে পরদিন ২৩ নভেম্বর সিয়ামের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত সিয়ামের বাবা মোস্তফা মাতবর বাদী হয়ে মেহেদি মণ্ডলকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। পরে মেহেদি মণ্ডল ও আসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়া এবং জড়িত চার আসামির নাম বলে। মামলার তদন্তকারী কর্মকর্তা দেড় বছর পর ২০১৫ সালের ২৪ মার্চ বাদী, চিকিৎসকসহ ২৯ জনকে সাক্ষ্য করে মেহেদি মণ্ডল, তাঁর বাবা ফারুক মণ্ডল, মা মেরিনা মণ্ডল, ভাড়াটে খুনি আবদুল হালিম, আসলাম ও চাচাতো ভাই বিপ্লবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।
পিপি আরও বলেন, অবস্থা ও বয়সগত কারণে তিন আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রায় ঘোষণার সময় আদালত উল্লেখ করেছেন। তবে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে খালাসপ্রাপ্ত দুই আসামির কমপক্ষে সাত বছর করে কারাদণ্ড হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্টি হতে পারেননি। তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’