স্কুলছাত্র সুপ্রিয় হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সুপ্রিয় সাহা হত্যার দুই বছর পর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (সিআইডি) পরিদর্শক সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ মে সুপ্রিয় সাহা রথযাত্রায় অংশ নেয়। ওই দিনই সে নিখোঁজ হয়। এর এক দিন পর শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়। লাশে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর সুপ্রিয় সাহার মা পপি রানী সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পলাশ থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডিতে চলে যায়। এরপর হত্যার সঙ্গে তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। আসামিরা হলেন ঘোড়াশালের উত্তর চরপাড়া এলাকার সেন্টু চন্দ্র, কুলুপাড়া এলাকার রাসেল মিয়া ও রংপুরের গঙ্গাচড়ার আজম মীর।
কাসিফ সানোয়ার বলেন, আজম মীর অপর দুই আসামিকে দিয়ে বিভিন্ন পণ্য চুরি করাতেন এবং একসঙ্গে মাদক গ্রহণ করতেন। ঘটনার দিন আসামিরা স্কুলছাত্র সুপ্রিয় সাহাকে মুঠোফোনে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করার উদ্দেশ্যে অপহরণ করেন। পরে সুপ্রিয় চিৎকার করলে তাঁরা তার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর লাশ গুম করার জন্য নদীতে ভাসিয়ে দেওয়া হয়।