স্কুলছাত্র হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে স্কুলছাত্র সোহাগ মিয়া (১৩) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি (পিপি) ন. ম. রুহুল আমিন এ কথা জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন, আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের শম্ভুনাথ। এঁদের মধ্যে মনির হোসেন পলাতক। এ ছাড়া মামলার আট আসামির মধ্যে বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মাধবদী এসপি ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র সোহাগকে অপহরণ করা হয়। পরে অপরহরণকারীরা সোহাগকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় নিয়ে যায়। তারা মুঠোফোনে সোহাগের বাবা জাকির হোসেনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় সোহাগকে হত্যা করা হয়। ঘটনার পরদিন ওই এলাকা থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর সোহাগের বাবা জাকির হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।