স্কুলছাত্র হত্যা মামলায় তিন ভাইসহ চারজনের মৃত্যুদণ্ড
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্কুলছাত্র বিল্লাল হোসেন (১৬) হত্যা মামলার রায়ে তিন ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের তিন ভাই মো. আবু জাফর ওরফে সুরুজ (৫৫), মো. মনিরুজ্জামান ওরফে হান্নান (৩২) ও মো. দুদু মিয়া (৪৫) এবং মো. আবু জাফর ওরফে সুরুজের ছেলে মো. আল আমিন (২০)। সবাই পলাতক অাছেন।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামি আমিনুল ইসলাম, আনোয়ারা বেগম, শামসুন্নাহার, আবু সালেহ ও মো. রাজুকে বেকসুর খালাস দেন আদালত।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. ইমাম হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০০৬ সালের ৮ মে কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে স্কুলছাত্র বিল্লাল হোসেনের লাশ পাশের বাড়ির স্যানিটারি ল্যাট্রিনের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ১০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩১ আগস্ট এই ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচার চলাকালে আসামি মাহবুবে সোবহানির মৃত্যু হলে তাঁর নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। ১৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত পলাতক চার আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে খালাস দেন।