স্কুলছাত্র হত্যা মামলায় দুই সহপাঠী গ্রেপ্তার

ময়মনসিংহে স্কুলছাত্র রাশেদুজ্জামান ওরফে লিয়ন (১৪) হত্যার ঘটনায় তার দুই সহপাঠীসহ চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলায় নিহত রাশেদুজ্জামানের দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল মঙ্গলবার রাতে নিহত স্কুলছাত্রের মা রাশেদা আক্তার বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া দুজন হলো নিহত রাশেদুজ্জামানের সহপাঠী সোহানুর রহমান ও সাকিবুল হাসান। অপর দুই আসামি নাঈম ও জয়।
পুলিশ ও র্যাব-১৪ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে সোহানুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে সাকিবুল হাসানকে গ্রেপ্তার করে। মামলার অপর দুই আসামি পলাতক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গতকাল সকালে ময়মনসিংহ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে তুচ্ছ বিষয়ে বিরোধের জের ধরে নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামানকে ছুরিকাঘাত করে সমবয়সী দুর্বৃত্তরা। এতে সে নিহত হয়।
আরও পড়ুন...
স্কুলের গেটে ছুরিকাঘাতে ছাত্র নিহত