স্কুলছাত্র হত্যা মামলায় পাঁচজনে মৃত্যুদণ্ড
জামালপুর পৌর শহরে স্কুলছাত্র মোসতাসীম বিল্লাহকে (৭) হত্যা করার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার ওই ঘটনায় করা মামলার রায়ে এ আদেশ দেন।
মোসতাসীম শহরের আমলাপাড়া এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। সে শহরের কিশলয় আদর্শ শিশু বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওই শিশুর চাচা জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়িহামিদপুর গ্রামের মো. লোকমান আলী (৫৭), তাঁর ছেলে তোফায়েল ইসলাম (৩৫), তোফায়েলের বন্ধু নান্দিনা এলাকার খরখরিয়া গ্রামের সোহেল রানা (৩৬) ও মো. আনোয়ার হোসেন (৩৭) এবং আনোয়ারের বাবা আইনুল হক (৬০)। আনোয়ারের ছোট ভাই ফারুক আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
এঁদের মধ্যে তোফায়েল, সোহেল ও আনোয়ার পলাতক। এই তিনজনের অনুপস্থিতেই রায় দেন আদালত। রায়ের পর অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মোসতাসীমের চাচা লোকমান আলী তাঁর ছেলে তোফায়েলকে বিদেশে পাঠানোর জন্য মোসতাসীমের বাবা মো. লুৎফর রহমানের কাছে চার লাখ টাকা চান। কিন্তু লুৎফর সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে লোকমানের নির্দেশে তাঁর ছেলে তোফায়েল ২০০১ সালের ৩১ মে রাত আটটার দিকে শহরের আমলাপাড়া বাসা থেকে মোসতাসীমকে জুস খাওয়ানো কথা বলে তার মা রাবেয়া বেগমের কাছ থেকে নিয়ে যায়।
পরে তোফায়েল তাঁর দুই বন্ধু সোহেল ও আনোয়ারকে সঙ্গে নিয়ে শিশুটিকে একটি মোটরসাইকেলে করে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় নিয়ে যায়। এরপর আনোয়ারের বাবা আইনুলের সহযোগিতায় ওই শিশুকে খরখরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে আসামিরা আনোয়ারের বাড়িতে শিশুটির মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। লাশ ব্যাগে ভরে একটি নির্মাণাধীন ঘরের মেঝের ভেতর গর্ত করে পুঁতে রাখা হয়।
ঘটনার পর দিন শিশুটির খালু মো. আশরাফ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। ওই বছরের ২০ আগস্ট পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোফায়েলের বন্ধু সোহেলকে গ্রেপ্তার করে। পরে সোহেল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী আনোয়ার হোসেনের ঘরের মেঝে খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০১ সালের সেপ্টেম্বর মাসে ওই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।