স্কুলছাত্র হত্যা মামলায় ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সবুজ হত্যা মামলায় দুলাভাই রাকিবুল ইসলামের (২২) ফাঁসি এবং মাইক্রোবাসচালক খাজার (১৮) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. একরামুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। সবুজের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়ার তাহের খলিফার একমাত্র ছেলে সবুজ ২০০৯ সালের ৩০ অক্টোবর তার স্কুলের মাঠে ফুটবল খেলা দেখতে যায়। শ্বশুরের সম্পদ একা ভোগ করার পরিকল্পনা অনুযায়ী রাকিবুল ইসলাম তাঁর শ্যালক সবুজকে অপহরণ করেন। পরে মাইক্রোবাসচালক খাজার সহায়তায় ম্যাজিক দেখানোর নাম করে গলায় রশি দিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় ২০০৯ সালের ১ নভেম্বর তাহের খলিফা বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নেওয়া হয়। তাহের খলিফা বলেন, রায় বাস্তবায়িত হলেই আত্মাটা শান্তি পাবে। সবুজের মা রহিমা বেগম বলেন, ‘রাকিবের ফাঁসির খবর শোনার পর শান্তি পাচ্ছি।’