স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার স্কুলছাত্র     মুশফিক হোসেন ওরফে রাতিমকে (৯) অপহরণ ও হত্যার ঘটনার   সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ শেষে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ    সভা করেন।

এতে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহসান। বক্তৃতা করেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহামান, ইউপি সদস্য লাবিব উদ্দিন ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার পারভীন প্রমুখ। বক্তারা অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানান। 

পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। 

২ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগানে খেলতে গেলে অপহরণ করা হয় মুশফিক হোসেনকে। পরে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পাওয়ায় এবং অপহরণকারীদের চিনে ফেলায় মুশফিককে হত্যা করা হয়। একজনের স্বীকারোক্তিতে গত শুক্রবার সকালে পুলিশ রতনপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।