স্কুলছাত্র হত্যায় নূর হোসেনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আট বছর আগে স্কুলছাত্র টিপু সুলতান হত্যার ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে আদালতে মামলা করা হয়েছে। নূর হোসেন নারায়ণগঞ্জে সাত খুনের মামলায়ও প্রধান আসামি।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে নিহত টিপু সুলতানের বাবা কাজী আক্তারুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আদালত মামলার আবেদনটি গ্রহণ করেছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন।
মামলার বাদী কাজী আক্তারুজ্জামান আরজিতে উল্লেখ করেন, ২০০৬ সালের ২০ আগস্ট সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকার বাড়িতে আসামি নূর হোসেন ও তাঁর সহযোগীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পরিবারের লোকজনকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। বাড়ির জায়গা-জমিও লিখে দিতে বলেন। চাঁদা দিতে অস্বীকার করায় ওই বছরের ২৬ আগস্ট বাড়ির পাশ থেকে আসামিরা টিপু সুলতানকে (মহিউদ্দিন আদর্শ কিন্ডারগার্ডেনের ছাত্র, ২০০৩ সালে বাংলাদেশ আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকা) অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত) ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। পরে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে চলে যায়। লাশটি পরে উদ্ধার হয়। এই ঘটনায় মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। বরং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বাদীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে।
মামলার আরজিতে কাজী আক্তারুজ্জামান আরও উল্লেখ করেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অপকর্মের বিষয়ে ৭ মে গণমাধ্যমে তিনি বক্তব্য দেন। এই বক্তব্য দেওয়ার পর নূর হোসেনের সহযোগী সুন্দর আলী তাঁকে ও তাঁর বড় ছেলেকে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় তিনি ৮ মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন।