স্কুলছাত্র হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মো. গিয়াস উদ্দিন নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাপাসিয়া উপজেলার সালদৈ গ্রামের আতাউর রহমান (৫০), আলম হোসেন (৩৫) ও মো. ইউসুফ (৩৬)। রায় ঘোষণার সময় আতাউর ও আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মো. ইউসুফ পলাতক।
গাজীপুর জজকোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, গত ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর সালদৈ গ্রামের মো. আব্দুল বাতেন ব্যাপারীর ছেলে গিয়াস উদ্দিনকে (১৫) এই আসামিরা অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মুক্তিপণ না পেয়ে গিয়াসকে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ইউসুফকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার প্রায় তিন মাস পর কাপাসিয়ার মাধুলি বিল থেকে গিয়াসের বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করা হয়। গিয়াস উপজেলার ঘাঘটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
দীর্ঘ শুনানির পর ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পেনাল কোডের ৩০২ ধারায় ওই তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া ৩৮৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং ৩৬৫ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, ২০১ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় একই গ্রামের জজ মিয়া ও তাঁর স্ত্রী সমেজা খাতুনকে খালাস দিয়েছেন আদালত।