স্কুলছাত্র হত্যার দায়ে দুজনের ফাঁসি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্কুলছাত্র বাদল (১৪) হত্যার দায়ে দুই ব্যক্তিকে ফাঁসি ও আরও দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে একই আদালত আজ নিলুফা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তাঁর স্বামী আবদুস সালাম ফরাজীকে (৪২) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।
আজ রোববার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই দুই পৃথক মামলার রায় ঘোষণা করেন।
স্কুলছাত্র বাদল হত্যায় অভিযুক্ত আসামিরা পলাতক। তবে নিহত নিলুফার বেগমের স্বামী আবদুস সালাম রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দুটি হত্যাকাণ্ডেই অভিযুক্ত আসামিদের সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
বাদল হত্যা মামলা
স্কুলছাত্র বাদল হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মৃত মতু হাওলাদারের ছেলে ফুল মিয়া হাওলাদার ও একই গ্রামের মফেজ মল্লিকের ছেলে শহিদুল মল্লিক।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন বহরবুনিয়া গ্রামের গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে হাওলাদার মনিরুজ্জামান ওরফে মনিরুল ও মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের ফুল মিয়া হাওলাদারের সঙ্গে প্রতিবেশী এলাল উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ ছিল। এর জের ধরে ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি ভোররাতে আসামি ফুল মিয়া হাওলাদারসহ দু-তিনজন দুর্বৃত্ত প্রতিবেশী এলাল উদ্দিনের বাড়িতে যান। এ সময় আসামি ফুল মিয়া এলাল উদ্দিনের স্কুলপড়ুয়া ছেলে বাদলের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ধস্তাধস্তির শব্দ পেয়ে নিহতের বাবা এলাল ও তাঁর মা তানজিরা বেগমের ঘুম ভেঙে যায়। তাঁরা দুজনে টর্চ লাইট নিয়ে ঘরের বাইরে এসে দেখেন, ফুল মিয়াসহ দু-তিনজন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পরে বাদলের ঘরে গিয়ে তাঁরা দেখতে পান, তার লাশ খাটের ওপর পড়ে আছে।
ঘটনার দিন বিকেলে নিহতের বাবা এলাল উদ্দিন বাদী হয়ে ফুল মিয়াসহ চারজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্কালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) খোশরুল হক ২০০১ সালের ১৯ মার্চ ফুল মিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর পরিপ্রেক্ষিতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ ফুল মিয়া ও শহিদুলকে ফাঁসি এবং আলী আকবর ও মনিরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারী কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী ও আসামি পক্ষে গোলাম মোর্তুজা সোহেল আহমেদ।
গৃহবধূ নিলুফা বেগম হত্যা মামলা
গৃহবধূ নিলুফা বেগম হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি আবদুস সালাম ফরাজী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ভান্ডারিয়া গ্রামের মৃত মোতাহার ফরাজীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বাগেরহাটের মংলা পৌরসভাধীন সাত্তার লেনের বাসিন্দা মো. হাফেজ উদ্দিনের মেয়ে নিলুফা বেগমকে তাঁর স্বামী আবদুস সালাম ফরাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
শ্বশুরবাড়ির জমির ভাগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে আবদুস সালাম তাঁর স্ত্রীকে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. হাফেজ উদ্দিন বাদী হয়ে জামাতার বিরুদ্ধে মংলা থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ নভেম্বর বাগেরহাট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তত্কালীন পুলিশ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আফতাব উদ্দিন গাজী আসামি আবদুস সালাম ফরাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামি আবদুস সালামকে সাত বছর কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারী কৌঁসুলি শেখ মোহম্মদ আলী ও আসামি পক্ষে এস এম এ রাজ্জাক।