স্কুলছাত্র হত্যার দায়ে দুজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
বাগেরহাটের মোরেলগঞ্জে বাদল নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার দায়ে দুজনকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান গত রোববার এ রায় দেন। একই আদালত নিলুফা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তাঁর স্বামী সালাম ফরাজিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বাদল হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের ফুল মিয়া ও একই গ্রামের শহিদুল মল্লিক এবং যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন ওই গ্রামের মনিরুজ্জামান ও আলী আকবর হাওলাদার। ওই চারজন পলাতক রয়েছেন। সাত বছরের কারাদণ্ডাদেশ পাওয়া সালাম ফরাজির (৪২) বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া গ্রামে।
মামলার সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের ফুল মিয়ার সঙ্গে একই গ্রামের এলাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি ফুল মিয়াসহ তিনজন দুর্বৃত্ত এলাল উদ্দিনের বাড়িতে ঢুকে তাঁর ছেলে বাদলকে হত্যা করে। এ ঘটনায় এলাল উদ্দিন থানায় হত্যা মামলা করেন।