স্কুলছাত্র হত্যার প্রতিবাদে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর আইডিয়েল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শেখ রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে স্কুলের ছাত্ররা তিন দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গত শুক্রবার বিকেলে রাজনগরের শারমপুরের ধানখেতে রায়হানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় রায়হানের মামা আবদুল হক ওই দিন রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন। রায়হান উপজেলার দক্ষিণ-খারপাড়া গ্রামের সৌদিপ্রবাসী সেলিউর রহমানের ছেলে।
জানা গেছে, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা গতকাল কালো ব্যাজ ধারণ করে। পরে স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোক মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে রায়হানের লাশ স্কুলে নিয়ে আসা হলে হত্যাকারীর শাস্তির দাবিতে সমাবেশ হয়। আজ রোববার মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। কাল সোমবার দোয়া-মাহফিল।