স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরা গ্রামের এম এ আজিজ উচ্চবিদ্যালয়ের ছাত্র আজম শেখকে (১৪) হত্যার ঘটনায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সদরের পসরা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ওই স্কুলের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, গ্রামবাসীসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন ওই স্কুলের প্রধান শিক্ষক জিন্নাত আলী, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, নিহত আজমের খালু খলিলুর রহমান, অষ্টম শ্রেণির ছাত্রী মুন্নী আক্তার ও এলাকাবাসী হায়দার হোসেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে আজমের বাবা ফরিদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, পুলিশ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত শুরু করেছে।
১৪ এপ্রিল বাড়ির পাশের বৈশাখী মেলায় গিয়ে নিখোঁজ হয় পসরা গ্রামের রাজমিস্ত্রি ফরিদ শেখের বড় ছেলে অষ্টম শ্রেণির ছাত্র আজম শেখ। তাকে কোথাও খুঁজে না পেয়ে ফরিদ শেখ গত বুধবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদ শেখের মুঠোফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কয়েক দফায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা না পেয়ে আজমকে হত্যা করে তারা পাশের পুকুরের পানিতে ফেলে রাখে।
গত শুক্রবার প্রথম আলোয় ‘যশোর ও ফরিদপুর দুই স্কুলছাত্রকে হত্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।