স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ের ছাত্র মতিয়ার রহমান হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে বেড়া-নাকালিয়া সড়কে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা করেন। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সদস্য জয়নাল আবেদীন ও সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক শওকত ওসমান, নিহত ছাত্রের বাবা আফান সরকার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে ঢুকে একজন পরীক্ষার্থীকে ধরে নিয়ে হত্যা করার নিন্দা জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এদিকে হামলার ঘটনায় ১৭ দিন বন্ধ থাকার পর গতকালই প্রথম বিদ্যালয় খুলেছে। গত ১৬ অক্টোবর হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জের ধরে একদল লোক মতিয়ার রহমানকে ধরে নিয়ে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১৮ অক্টোবর সে মারা যায়।