স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সজীব হোসেন (৮) হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের সামনে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করা হয়। পরে স্থানীয় দেওয়াইর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র সজীব হত্যার বিচারের দাবিতে চিনাইল প্রাথমিক বিদ্যালয়, ঢালজোড়া প্রাথমিক বিদ্যালয় ও দেওয়াইর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী পাকুরাইল, বান্দাবাড়ী, পোড়া টেংগর, আদাবহ, বাঙ্গুরীসহ কয়েকটি গ্রামের লোকজন মানববন্ধনে মিলিত হয়। পরে স্থানীয় দেওয়াইর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইনতিয়াজ উদ্দিন। বক্তব্য দেন রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ইছামুদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল খালেক প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী তিন দিনের মধ্যে সজীব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ইনতিয়াজ উদ্দিন বলেন, সজীবের খুনিদের কেউ ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ২ জানুয়ারি দুর্বৃত্তরা স্কুলছাত্র সজীবকে নৃশংসভাবে হত্যা করে বাড়ির পাশের একটি ডোবার মধ্যে ফেলে রাখে।