স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে মো. নুরুল ইসলাম (৪০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি নুরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি গাজীপুর সদর উপজেলার খুদে বরমী এলাকার বাসিন্দা।

নিহত স্কুলছাত্রের নাম মো. সেলিম (১৪)। সে গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামের মো. হজরত আলীর ছেলে এবং স্থানীয় হাড়িনাল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

গাজীপুর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আতাউর রহমান খান বলেন, সেলিমদের বাড়ির পার্শ্ববর্তী খুন্দিয়া গ্রামের হাসনারা বেগমের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন নুরুল ইসলাম। ২০০৭ সালের ৯ জানুয়ারি সেলিম তাঁর বন্ধু রাকিবকে নিয়ে ওই বাড়ির গাছ থেকে বরই খেতে যায়। তাদের দেখতে পেয়ে নুরুল ধাওয়া করে। একপর্যায়ে তিনি সেলিমকে ধরে ফেলেন এবং হাতে থাকা বাটাল দিয়ে তার পেটে আঘাত করেন। এ সময় সেলিমের বন্ধু রাকিবের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায় এবং নুরুলকে পুলিশে সোপর্দ করে। সেলিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহত স্কুলছাত্রের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন ওই বছরের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।