স্কুলছাত্র হত্যায় দুই ভাইসহ চারজনের মৃত্যুদণ্ড
গাজীপুরে এক স্কুলছাত্র হত্যার দায়ে দুই ভাইসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় দেন।
রায়ে ওই চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় পৃথক ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাজীপুরের পুবাইলের হাড়িরবাড়ির টেক এলাকার জামান সরকার (৪২), একই এলাকার শাকিল ভূঁইয়া (৪২), তাঁর ভাই ইকবাল হোসেন ভূঁইয়া (৪০) এবং কুড়িগ্রামের বাজারহাটের লতাবর গ্রামের আবু সায়েম (৪০)। তাঁদের মধ্যে আবু সায়েম পলাতক।
খালাস পেয়েছেন হাড়িরবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকার (৬৫) ও তাঁর ছেলে উজ্জ্বল সরকার (৩৭) এবং একই এলাকার সুমন খান (৩৮)।
গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনের (১৫) বোনকে বিয়ের প্রস্তাব দেয়। মামুনের পরিবারের লোকজন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর জের ধরে ২০০৪ সালের ১০ আগস্ট মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জামান সরকার। এরপর থেকে মামুন নিখোঁজ ছিল। তিন দিন পর ১৩ আগস্ট একই এলাকার মো. শাহজাহানের বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়। ওই রাতে মামুনের বাবা হাসান খন্দকার জয়দেবপুর থানায় মামলা করেন।