স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার সাভারের কর্ণপাড়া সেতুর নিচ থেকে গতকাল সোমবার সকালে মোমিনুর সরকার (৭) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।মোমিনুর সরকার সাভার পৌর এলাকার টানগেন্ডা মহল্লার এনামুল হকের একমাত্র ছেলে। সে স্থানীয় সানরোজ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।সাভার থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে মোমিনুরকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এনামুল হকের বাসার ভাড়াটে মিরাজ হোসেনের স্ত্রী ইতি বেগমকে (৩২) আটক করেছে।মোমিনুরের মা শিউলী বেগম বলেন, মাস সাতেক আগে গাড়িচালক মিরাজ হোসেন তাঁদের বাসা ভাড়া নেন। মাঝে মধ্যে খেলার সময় মোমিনুরের সঙ্গে মিরাজের ছেলে মৃদুল (৯) ও রাতুলের (৪) ঝগড়া হতো। ওই ঝগড়ার জের ধরে মিরাজের স্ত্রী ইতি বেগম তাঁদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এসব কারণে মাস খানেক আগে তাঁদের বাসা ছেড়ে দিতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা নানা হুমকি দিয়ে আসছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘ছেলের সঙ্গে ঝগড়ার জের থেকে সৃষ্ট ক্ষোভের কারণে মিরাজ অপহরণ করে নিয়ে মোমিনুরকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।’ তিনি জানান, ঘটনার পর থেকে মিরাজ পলাতক। মিরাজের স্ত্রী ইতি বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ঝগড়ার জেরে তাঁদের ফাঁসানোর জন্য এসব অভিযোগ করা হচ্ছে।ওষুধ ব্যবসায়ী খুন: সাভার পৌর এলাকার ডগরমুড়া মহল্লায় রুবেল (৩৮) নামের একজন ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন।সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে রুবেল বাসায় ফিরে মূল ফটকের তালা খোলার সময় তিন থেকে চারজন ব্যক্তি অতর্কিতে হামলা চালিয়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।নিহত রুবেলের স্ত্রী রানী বেগম বলেন, পাওনা টাকার জন্যই তাঁর স্বামীকে খুন করা হয়েছে। তবে তাঁর স্বামী কার কাছে টাকা পেতেন, তা তিনি নিশ্চিত নন। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার এসআই জোবায়দুল হক বলেন, পাওনা টাকার জন্যই রুবেলকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। তবে কার কাছে রুবেল টাকা পেতেন, তা জানা সম্ভব হয়নি।রিকশাচালক খুন: সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকা থেকে রোববার বিকেলে ইসরাফিল শেখ (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরাফিলের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। তিনি হেমায়েতপুরে রিকশা চালাতেন। ইসরাফিলের আত্মীয় সাইফুল ইসলাম বলেন, শনিবার বিকেল পাঁচটার দিকে রিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ ব্যাপারে তিনি রোববার রাতে সাভার থানায় হত্যা মামলা করেছেন।সাভার থানার এসআই আশরাফুল আলম বলেন, শত্রুতার জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।