স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দ্য বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে (১২) অপহরণ করে হত্যা করা হয়েছে। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরা আবাসিক এলাকা থেকে গত শনিবার বিকেলে আশরাফুলকে অপহরণ করা হয়েছিল।
রোববার মৌলভীবাজারের রাজনগর থানার পুলিশ উপজেলার কোনাগাঁও গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাহফুজুর রহমান (৩০) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাহফুজুর আশরাফুলের দূর সম্পর্কের চাচা (বাবার চাচাতো ভাই)। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামে।
শ্রীমঙ্গল থানা-পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার বিকেলে মাহফুজুর কনসার্ট দেখার কথা বলে আশরাফুলকে মৌলভীবাজারে নিয়ে যান। পরে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চান মাহফুজুর। টাকা দিতে গড়িমসি করায় ওই রাতেই রাজনগরের কোনাগাঁও গ্রামে মনু নদের পাড়ে নিয়ে আশরাফুলকে গলাটিপে হত্যা করা হয়। রোববার দুপুরে রাজনগর থানার পুলিশ কোনাগাঁয়ে মনু নদের পাড় থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে। রোববার রাতে মাহফুজুরকে গ্রেপ্তারের পর লাশটি আশরাফুলের বলে শনাক্ত হয়।
আশরাফুলের পরিবার সূত্র জানায়, দুই ভাই ও এক বোনের মধ্যে আশরাফুল সবার ছোট। তাদের বাবা নুরুল ইসলাম সৌদি আরবে থাকেন। তাদের গ্রামের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে। সন্তানদের পড়ালেখার সুবিধার জন্য তার মা সোমা বেগম উত্তরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
আশরাফুলের মা সোমা বেগম জানান, শনিবার সন্ধ্যার পর একটি ফোনের মাধ্যমে তাঁরা নিশ্চিত হন, আশরাফুলকে অপহরণ করা হয়েছে। তখন অপহরণকারী তাঁদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ্ বলেন, মাহফুজুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের উদ্দেশে আশরাফুলকে অপহরণ ও হত্যা করার কথা স্বীকার করেছেন।