স্কুলছাত্রকে গলা কেটে ও শিশুকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নাঈম ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ৷ গতকাল রোববার সকালে সদর ইউনিয়নের ভিংরাবো এলাকার ঢাকা ভিলেজ নামের আবাসিক প্রকল্পের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়৷ নাঈম ওই এলাকার আবদুল আউয়ালের ছেলে৷ এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাঈমের দুই সহপাঠীকে আটক করেছে৷
এদিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পরকীয়া দেখে ফেলায় মো. নাজমুল ইসলাম (৪) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷
নাঈমের বাবা আবদুল আউয়াল জানান, শনিবার রাত সোয়া আটটার দিকে নাঈমকে মুঠোফোনে ফোন দিয়ে তার সহপাঠী মারুফ বাসা থেকে ডেকে নিয়ে যায়৷ এর পর থেকে সে নিখেঁাজ ছিল৷ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি৷ গতকাল সকালে ঢাকা ভিলেজ আবাসিক প্রকল্পের ভেতর থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়৷
নাঈম স্থানীয় জাঙ্গীর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল৷ নাঈমকে হত্যার প্রতিবাদে সকালে তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করে৷ পরে তারা অনিির্দষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে ডেমরা-কালীগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে৷ অপর দিকে জাঙ্গীর, ভিংরাব এবং মুশুরী গ্রামের লোকজন নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন৷ পরে তাঁরা রূপগঞ্জ থানা ঘেরাও করেন৷ খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়৷
গতকাল বিকেলে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নাঈমকে গলা কেটে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷
গাজীপুরে নিহত শিশু নাজমুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার একটি বাড়ির দুটি টিনশেড কক্ষের একটিতে ভাড়া থাকতেন স্কাইলাইন পরিবহনের বাসের চালকের সহকারী আলমগীর হোসেন৷ পাশের কক্ষে থাকতেন শাহনাজ বেগম নামের এক নারী শ্রমিক৷ তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে৷ গত শনিবার বিকেলে প্রতিবেশী ভাড়াটে নাজিমউদ্দিনের ছেলে নাজমুল পাশের ঘরে গিয়ে দুজনকে দেখে ফেলে৷ নাজমুল অপরকে ঘটনাটি বলতে পারে এই সন্দেহে আলমগীর ও শাহনাজ শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ একটি ব্যাগে ভরে রাখেন৷ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন৷ ওই রাতে ও গতকাল সকালে সারা দিন মাইকিং করা হয়৷
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নাজমুলের বড় বোন স্বপ্না শাহনাজের ঘরের পাশে গেলে তাঁদের কথোপকথন শুনে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে চিৎকার শুরু করেন৷ এ সময় আলমগীর, তাঁর বড় ভাই জাকির হোসেন এবং ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ আশপাশের লোকজন তাঁদের আটক করে গণপিটুনি দেন৷ খবর পেয়ে িবকেল পঁাচটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
পুলিশ হেফাজতে থাকাকালে শাহনাজ বেগম বলেন, ‘আমাগো দেইখা ফ্যালাইছে-এর লাইগা আলমগীর ওরে মাইরা ফালাইছে, আমি মারি নাই৷’ আর আলমগীর বলেন, ‘ভাই আমি মারি নাই, আমার সামনেই শাহনাজ ওরে মারছে৷’ মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুজনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷