স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বালিচান্দা গ্রামের তোফায়েল আলম নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। অভিযোগ উঠেছে, দুই কিশোরীকে উত্ত্যক্তকরণে বাধা দেওয়ার জেরে বখাটেরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির কাছে খালের পাড়ে তোফায়েলের লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।নিহত তোফায়েল একই উপজেলার সেন্ট এন্ড্রোজ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মো. হূদয় (১৪) নামের আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। হূদয়ও একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকা থেকে তোফায়েলের পাশের বাড়িতে বেড়াতে আসা দুই কিশোরীকে কয়েকজন বখাটে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তোফায়েল ওই বখাটেদের বাধা দেয়। নিহত ছাত্রের বাবা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, পাশের বাড়ির হূদয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তোফায়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তোফায়েলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির পাশের কচুন্দরা খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চি ৎকার শুরু করে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত তোফায়েলের গলায় ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে।