স্কুলছাত্রকে হত্যার অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে গত রোববার মো. শিপন শেখ (১২) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ শিপনের দুই আত্মীয় পিয়ারা (৫৬) ও সাহেদা বেগমকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শিপনের বাবার নাম আবদুল বারেক। শিপন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখাপড়া করত। নিহত ছাত্রের চাচা ছকেন আলী শেখ জানান, সন্ধ্যার পর থেকে শিপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টায় পাশের নিজাম উদ্দিনের বাড়ির রান্নাঘরের পেছনে তার লাশ পায়।সাহিদা বেগম বলেন, ‘আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। ওই সময় আমার চাচাশ্বশুর নজব আলী শেখের ঘরে ছিলাম। তবে আমার সতীনের ছেলে রাব্বী রাত সাড়ে আটটার দিকে ঢাকা চলে যাওয়ায় আমার ভাশুরেরা (নিহত শিপনের বাবা ও চাচা) তাকে সন্দেহ করছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত ও শ্বাসরোধ করে শিপনকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিপনের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।