স্কুলছাত্রকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে স্কুলছাত্র সোহাগ মিয়া (১৩) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আদালতের বিচারক মো. শফিকুল করিম এ রায় দেন।
সোহাগ সদর উপজেলার ছোট মাধবদী এলাকার জাকির হোসেনের ছেলে ও মাধবদী এসপি ইনিস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজয়নগর এলাকার মনির হোসেন, আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রপুর এলাকার সম্ভু দাস। এঁদের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারিতে সদর উপজেলার মাধবদীর মৌসুমি ডাইংয়ের মালিক জাকির হোসেনের একমাত্র ছেলে সোহাগ মিয়াকে পাহাড় দেখানোর কথা বলে আলমগীর ও শম্ভু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় নিয়ে যান। সেখানে আলমগীরের প্রতিবেশী মনিরের পরামর্শে সোহাগকে জিম্মি করে পরিবারের কাছে টাকা আদায়ের পরিকল্পনা করেন। পরে মুঠোফোনে সোহাগের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাঁরা। নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় তাঁরা সোহাগকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মনিরের বাড়ির শৌচাগারের ট্যাংকে ফেলে দেন। ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি জাকির বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ প্রথমে আলমগীরকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম ২০১০ সালের ২৪ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালতে আসামিদের স্বীকারোক্তি ও ১৭ জনের সাক্ষ্য গ্রহণের শেষে গতকাল ওই রায় দেওয়া হয়।