স্কুলছাত্রকে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়ের পর কারাগারে নিয়ে যাওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি। ছবিটি দুপুরে কিশোরগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
আদালতের রায়ের পর কারাগারে নিয়ে যাওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি। ছবিটি দুপুরে কিশোরগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভূঁইয়া আজ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের আমিনুল হক, ডালিম, সোহাগ মিয়া ও দুলাল মিয়া। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সাকিবুল হাসান
সাকিবুল হাসান

রায়ে আদালত বলেন, আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে চাইলে পরবর্তী সাত দিনের মধ্যে করতে হবে। রায়ের সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মোট সাতজনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিয়েছিল।
মলার বিবরণে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের কামাল উদ্দিন বাবুর ছেলে সাকিবুল হাসান টুটুলকে ২০১৪ সালের ১২ আগস্ট স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয়েছিল। এদিন দুপুরে টুটুলের মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে রাতেই তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ও হোসেনপুর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশি অভিযান শুরু হয়। এ সময় টুটুলের বাবার বন্ধু সন্দেহভাজন দুলাল মিয়া, সোহাগ মিয়াসহ চারজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের দুদিন পর ১৪ আগস্ট ভোরে পুলিশ চরকাওনা নয়াবাজার–সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে টুটুলের গলিত লাশ উদ্ধার করে। টুটুলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি এম এ আফজাল। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম এ রশিদ, অশোক সরকার ও আবুল কাশেম।