রাজবাড়ীর বালিয়াকান্দিতে মঙ্গলবার ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফেনী, নীলফামারীর জলঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): বালিয়াকান্দি-ম্যাগচামী-মধুখালী সড়কের বালিয়াকান্দির পাইককান্দি বটতলা মোড় এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাকের চাপায় রাশেদুল শেখ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের আকবর শেখের ছেলে এবং পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ফেনী: ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁইয়া উপজেলার মোল্লাঘাটা এলাকায় মঙ্গলবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসচালকের সহকারী বেলাল হোসেন (৪৫) নিহত ও ১০ যাত্রী আহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফাজিলপুর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় গতকাল ট্রাকের চাপায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হন। নীলফামারী: জলঢাকা-ডালিয়া সড়কের চৌধুরীবাজার এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আফজাল হোসেন (৪০) নিহত হন। তাঁর বাড়ি জলঢাকা উপজেলার পূর্ববালা গ্রামে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় মো. আলাল মিয়া (৩৫) নামের একজন নিহত হন।