স্কুলছাত্রসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে অপহূত ব্যবসায়ী, স্কুলছাত্রসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জুরাইন থেকে অপহূত এক ব্যবসায়ীকে উদ্ধারের তথ্য জানায়।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী আবদুল হাকিম ১ মে দুপুরে বংশাল রোডের বাসা থেকে বের হওয়ার পর অপহূত হন। অপহরণকারীরা তিন লাখ ১০ হাজার টাকা নিয়ে জুরাইন যেতে বলে। কিন্তু হাকিমের ভাই আবদুল মতিন নির্দিষ্ট স্থানে গিয়ে কাউকে পাননি।
এরপর পুলিশ জুরাইন এলাকার ভাগ্যরানীর বাসা থেকে হাকিমকে উদ্ধার ও ভাগ্যরানীসহ পাঁচজনকে আটক করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লা থেকে অপহরণের ১৩ ঘণ্টা পর আবির আলম (১০) নামের এক স্কুলছাত্রকে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। ফতুল্লা থানার ওসি আকতার হোসেন জানান, শুক্রবার সকালে আবিরকে তাদেরই আত্মীয় ইসমত অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন।
নোয়াখালী অফিস জানায়, সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নে সাইফুল ইসলাম ওরফে পলাশ (৩০) নামের এক ব্যক্তিকে অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর গতকাল বিকেলে উদ্ধার করেছে সুধারাম থানার পুলিশ। কৃষ্ণপুর গ্রামের একটি বাগান থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে আবুল বাশার (৩৬) নামে বেগমগঞ্জ উপজেলার এক অপহূত ব্যবসায়ীকে গতকাল সকালে জিরতলীর বাংলা-বাজারে ছেড়ে দেয় অপহরণকারীরা।