আত্মীয়ের লাশ দেখে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ (৮)। কিন্তু পেছন থেকে ট্রাক্টরের ধাক্কায় তাকেই লাশ হতে হলো। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার নীলফামারীর সৈয়দপুর শহরে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নতুনবস্তি এলাকায় গতকাল ট্রাক্টরের চাপায় এর চালকের সহকারী নিহত হন। নিহত ব্যক্তির নাম রজব আলী (৩০)। তাঁর বাড়ি তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত গ্রামে।
প্রত্যক্ষদর্শী মো. এরফান জানান, গতকাল সকালে সৈয়দপুরের মিস্ত্রীপাড়া মহল্লার মো. নাদিমের ছেলে শুভ তার মায়ের সঙ্গে একই এলাকায় আত্মীয়ের লাশ দেখতে যায়। লাশ দেখে বাড়ি ফেরার সময় সকাল সাড়ে ১০টার দিকে পেছন থেকে একটি ট্রাক্টর শুভকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এলাকাবাসী দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে যাওয়ার পথেই মারা যায় শুভ। ঘটনার পর এলাকাবাসী ট্রাক্টরের চালক সাদেকুল ইসলাম ও তাঁর সহকারী মুকুল ও জোনাব আলীকে একটি বাড়িতে আটকে রাখে। এ সময় তারা ট্রাক্টরটি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভ মিস্ত্রীপাড়ার আনন্দ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নের নতুনবস্তি গ্রামের পাথর কোয়ারি থেকে ট্রাক্টরে পাথর লোড করে ভজনপুর বাজারের দিকে আসছিলেন রজব আলী। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে রজব আলী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান জানান, গতকাল ট্রাক্টর উল্টে এর চালকের সহকারী নিহত হয়েছেন।