স্কুলছাত্রসহ প্রাণ গেল ১৫ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, নাটোর, সুনামগঞ্জ, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ ও পূর্বধলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ১৫ জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হওয়ার জেরে মহাসড়ক অবরোধ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনা মহানগরের খালিশপুরের বাস্তুহারা মদিনাবাগ এলাকার বাইপাস সড়কে গতকাল শুক্রবার দুপুরে বরযাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হয়েছে। এরা হলো, পিরোজপুরের মঠবাড়িয়ার বাঁশবুনিয়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিমুল (১৩), নবম শ্রেণীর ছাত্র মামুন (১৫) ও রুহুল আমিন (৩০) এবং বাসচালক আল আমিন (৩৫)। পিরোজপুরের মঠবাড়িয়ার বাঁশবুনিয়া গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি বাস ৪৭ জন যাত্রী নিয়ে খুলনার খালিশপুরের হাউজিং নিউ কলোনি এলাকায় যাচ্ছিল। শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারের জাবের স্পিনিং কারখানার সামনে গতকাল সকাল সাড়ে আটটায় একটি বাসের চাপায় আবদুর রহিম (৩০) নামের এক শ্রমিক নিহত হন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাবো গ্রামে। সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে ওই কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে ওই মহাসড়কের তিন কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টায় র‌্যাব ও পুলিশ কারখানার সামনে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ায় শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নাটোর: নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলীতে গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় অপর একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হচ্ছেন, নাটোর সদরের চকবৈদ্যনাথ এলাকার বাসিন্দা চামড়া ব্যবসায়ী বাপ্পি সাহা (২৮) ও কানাইখালী জেলেপাড়া এলাকার অশোক কুমার (২৫)। সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় গতকাল একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের টিপু মিয়া (৩০), তাঁর সহকারী একই গ্রামের আব্বাস মিয়া (২৫) ও গুড় ব্যবসায়ী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বল্লবপুর গ্রামের রানা সরকার (২৫) নিহত হন। যশোর: সদর উপজেলার সাতিঘাটা মোড়ে বৃহস্পতিবার একটি প্রাইভেট কারের সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই গাড়ির আরোহী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র নাজমুল আহসান (২৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার টহলিশপুর গ্রামের সোহাগ (২৪) নিহত হন। নাজমুলদের বাড়ি যশোর শহরের চাঁচড়া এলাকায়।চাঁপাইনবাবগঞ্জ: শহরের পিটিআই এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার আনিসুর রহমান (৪২) ও কসিমুদ্দীন (৬৫)।গোপালগঞ্জ: গোপালগঞ্জের বেদগ্রামে বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় জহির মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।পূর্বধলা (নেত্রকোনা): দুর্গাপুরের কানিয়াইলে বৃহস্পতিবার সকালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নবাব আলী (৭০) নিহত হন। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার নগরসিংহা গ্রামে।