স্কুলছাত্রসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বৃহস্পতিবার পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ আরও তিনজন মারা গেছেন।
বড়লেখায় মারা যাওয়া স্কুলছাত্রের নাম প্রাণেশ বিশ্বাস (১৬)। সে বড়লেখা উপজেলার পানিশাইল গ্রামের মণীন্দ্র বিশ্বাসের ছেলে। মির্জাপুরে মারা যাওয়া তিনজন হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার হোসেন (৩২), তাঁর প্রতিবেশী ছানোয়ার হোসেন (৩৫) ও নৌকাচালক রবিন মিয়া (২২)। তাঁদের সবার বাড়ি মির্জাপুর উপজেলার পারদীঘি গ্রামে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রাণেশ বিশ্বাস বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পানিশাইল দুর্গাপূজার মণ্ডপে যায়। একপর্যায়ে মণ্ডপের মাইকের মাইক্রোফোনে হাত রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে প্রাণেশ বিশ্বাসের মা-বাবা ঘটনাস্থলে ছুটে আসেন। সে উপজেলার দাসেরবাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, পূজামণ্ডপে গিয়ে বিদ্যুতায়িত মাইক্রোফোনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোবিন্দপুর ও রামপুর বিল এলাকার মাঝামাঝি স্থানে নৌকায় ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নিয়ে যাওয়ার সময় তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার আটটার দিকে আনোয়ার হোসেন ইঞ্জিনচালিত নৌকাযোগে মির্জাপুর থেকে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নিয়ে পারদীঘি বটতলা বাজারে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী ছানোয়ার হোসেন তাঁর সঙ্গে ছিলেন। পথে গোবিন্দপুর ও রামপুর এলাকার মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকাটি আটকে যায়। এই সময় আনোয়ার হোসেন, ছানোয়ার হোসেন ও নৌকার মাঝি রবিন মিয়া বিদ্যুতের তার থেকে রেফ্রিজারেটর ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পানিতে পড়ে যান। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা পানিতে নেমে প্রথমে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেন। পরে জেলেরা জাল দিয়ে অপর দুজনের লাশ উদ্ধার করেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশগুলো নিয়ে যান।
নিহত আনোয়ার হোসেনের মামা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবুল খান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বর্ষার সময় এলাকায় কোনো প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতার কারণে তিনজন মারা গেছেন। পানি থেকে বিদ্যুতের তার মাত্র চার থেকে পাঁচ ফুট ওপরে থাকায় নৌকাটি বিদ্যুতের তারে আটকে যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর কার্যালয়ের ডিজিএম ওয়াহিদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুতের তার পানি থেকে কমপক্ষে ১৪ ফুট উঁচুতে ছিল। ওই ব্যবসায়ী নৌকার ছাদে রেফ্রিজারেটর রাখায় নৌকাটি বিদ্যুতের তারে আটকে যায়। তা ছাড়া ওই স্থানে লাল রঙের কাপড় দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল।