স্কুলছাত্রসহ ৬ জেলায় ৭ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরে অপহরণের পর তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে খুন করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গতকাল মঙ্গলবার পঞ্চগড় থানায় হামলা এবং শহরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া গতকাল ও গত সোমবার পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অটোরিকশার চালকসহ ছয়জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: পঞ্চগড়: অপহরণকারীদের হাতে নিহত জুয়েল (১০) পঞ্চগড় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা শহরের পুরাতন ক্যাম্প এলাকার আবদুর রহিম। গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর জুয়েল আর বাড়ি ফেরেনি। রাতে এক ব্যক্তি রহিমের মুঠোফোনে কল দিয়ে জুয়েলকে অপহরণের কথা জানায় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পঞ্চগড় থানার পুলিশ গতকাল বাড়ির ভাড়াটে রফিকুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৪৫), ছেলে মুন্না (১৭) ও মেয়ে মুন্নী বেগমকে আটক করে। এদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ডাউয়াকান্দি গ্রামে। সদর থানার পুলিশ জানায়, মুন্না জুয়েলকে অপহরণের কথা স্বীকার করলে তাকে নিয়ে রংপুরে যায় পুলিশ। রংপুর ক্যাডেট কলেজের সামনে পরিত্যক্ত নির্মাণাধীন একটি বাড়ির ভেতরে জুয়েলের লাশ পাওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে আটক আসামিদের ছিনিয়ে নিতে বেলা তিনটার দিকে পঞ্চগড় থানায় হামলা চালায়। এ সময় পাথরের আঘাতে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ও কনস্টেবল মনসুর আহত হন। এরপর বিক্ষুব্ধরা শহরের দোকানপাট ও যানবাহনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ অন্তত অর্ধশত কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জুয়েলকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে স্ত্রীর সঙ্গে পরকীয়া করার অভিযোগে জেলার বোদা উপজেলার সুভাসুজন গ্রামে সোমবার বিকেলে মখলেছার রহমানকে (২২) বেধড়ক মারধর করেন তাঁর চাচাতো ভাই আবদুর রাজ্জাক (৩০)। গতকাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে বোদা থানার ওসি মো. কায়ছার আলী খান বলেন, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে পদ্মা নদীর তীরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোহন সরদারকে (৪২) কুপিয়ে হত্যা করে। মোহন স্থানীয় আওয়ামী লীগের নেতা সালাম মৃধা হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের অভ্যন্তরীণ কোন্দলে মোহন খুন হতে পারে। থানার এসআই ফিরোজ আহামেঞ্চদ বলেন, ময়নাতদন্তের জন্য মোহনের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ময়না বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া: গতকাল দুপুর ১২টার দিকে শহরের ভাদুঘর বালুর মাঠ এলাকা থেকে সোহেল মিয়া (১৯) নামের এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল শহরের পাইকপাড়া এলাকার জমসেদ মিয়ার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, লাশের গলায় পলিথিন পেঁচানো ছিল। সোহেলকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নড়াইল: নড়াইলের নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ফায়ার সার্ভিসের সাবেক কর্মী আবু জাফর শেখকে (৬৫) গত সোমবার দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে কলাবাড়িয়া বাজারে যাওয়ার রাস্তার পাশে জাফরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নড়াগাতী থানার ওসি সরোয়ার হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের একটি ধানখেত থেকে গতকাল ভোরে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের পরনে ছিল থ্রিকোয়ার্টার প্যান্ট ও সাদা শার্ট। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ হত্যা মামলা করেছে।ফরিদপুর: জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনডাঙ্গী গ্রামের বাড়ি থেকে গতকাল সকালে নান্নু আকন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ বলেন, মৃতের গলা ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।