স্কুলছাত্রী অপহরণ প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী গতকাল শনিবার অপহূত হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া ঘটনার প্রতিবাদে স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিক্ষার্থী তার চলতি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে গতকাল সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশায় দুই যুবক এসে বিদ্যালয়ের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন অপহরণকারীদের ধাওয়া করে। জেলা শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে অপহরণে ব্যবহূত অটোরিকশার ও এর চালককে আটক করা হয়। তবে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ওই যুবকেরা। পরে অটোরিকশাটিতে আগুন ও চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।স্কুলছাত্রী অপহরণের ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী উত্তেজিত হয়ে দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এ সময় রাস্তার উভয় দিকে শত শত যান আটকা পড়ে। স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে বেলা দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে ওই স্কুলছাত্রীকে অপহরণের প্রতিবাদে তার বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, অপহরণের শিকার ছাত্রীকে অবিলম্বে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, অপহরণের ঘটনায় ছাত্রীটির বাবা মামলা করেছেন। অটোরিকশার চালককে আটকের পর অপহরণকারী সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারে সর্বাত্মক অভিযান চলছে।