স্কুলছাত্রী অপহরণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলায় সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার আসামিরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার বাদী ওই ছাত্রীর মা গতকাল শুক্রবার বলেন, ‘আমার একমাত্র মেয়েকে অপহরণ করে নিয়ে কোথায় রেখেছে আজ পর্যন্ত জানি না। এ ব্যাপারে তিন আসামিকে গ্রেপ্তার করলেও দুজন জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে আমাদের গালাগালসহ বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে আমাকে এলাকা ছাড়া করারও হুমকি দেন। এ ব্যাপারে আমি ৮ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ জানা গেছে, ২৬ এপ্রিল বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় ওই ছাত্রী (১৩) অপহূত হয়। ২৭ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে মো. সুমন বেপারীসহ পাঁচজনকে আসামি করে বানারীপাড়া থানায় একটি মামলা করেন। পুলিশ একই দিন সেকান্দার আলী হাওলাদার, মোসাম্মৎ কাজল রেখা, বিবাহ নিবন্ধক কাজী মো. আবদুল খালেককে গ্রেপ্তার এবং বরিশাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। পরে সেকান্দার আলী হাওলাদার ও কাজল রেখা উচ্চ আদালত থেকে ৩০ মে জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিতে থাকেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর হক বলেন, এ ব্যাপারে করা জিডির কপি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।